নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: বৃহস্পতিবার ৯,এপ্রিল :: বৃহস্পতিবার আবারও বালি বোঝাই নৌকা উল্টে দুর্ঘটনা। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকায় ভাগীরথী নদীতে বালি তুলে ফেরার সময় নৌকাডুবির ঘটনা ঘটল।
এই মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই দু’জনের মৃত্যুর খবর পাওয়া গেছে স্থানীয় সূত্রে। মৃতদের মধ্যে একজনের নাম গনেশ মণ্ডল (৫২) বলে জানা গেছে। অন্য মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দু’জনেরই বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ১১জন বালি কারবারি শ্রমিক ছিল নৌকায়, ৯জন নিজেরা উদ্ধার হলেও ২জনের মৃত্যু হয়। ভোরের অন্ধকারে অবৈধভাবে বালি তুলে ফেরার সময় আচমকাই নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়।
ঘটনায় নৌকায় থাকা শ্রমিকরা নদীতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করলেও, ততক্ষণে দু’জনের মৃত্যু হয়।
উদ্ধারকার্য চলাকালীন এক ব্যক্তিকে নৌকার ভেতর থেকে বের করতে গিয়ে নৌকা কেটে উদ্ধার করতে হয়, যা ঘটনার ভয়াবহতাকে আরও স্পষ্ট করে।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি আবারও প্রশ্ন উঠছে, ভাগীরথী নদীতে অবৈধ বালি তোলা বন্ধে প্রশাসনের নজরদারি কতটা কার্যকর।

