অভিষেকের মা লতা ব্যানার্জিকে কলকাতা পৌর সভার নোটিশ – সাতদিনের ভেতর হয় জবাব দিন নয় ভেঙ্গে ফেলুন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: মঙ্গলবার ১৯,মে :: রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জোর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির মা লতা ব্যানার্জিকে ঘিরে পৌরসভার জারি করা এক নোটিশকে কেন্দ্র করে।

অভিযোগ, পুরসভার আতশকাচে থাকা ঠিকানা দুটি হলো ভবানীপুরের ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ, হরিশ মুখার্জি রোড। নোটিশে স্পষ্ট বলা হয়েছে, ওই দুটি ঠিকানায় অনুমোদিত নকশা বহির্ভূত নির্মাণ করা হয়েছে। এই অবৈধ অংশ আগামী সাতদিনের মধ্যে মালিককে নিজ দায়িত্বে ভেঙে ফেলতে হবে।

যদি সাতদিনের মধ্যে সন্তোষজনক উত্তর বা পদক্ষেপ না পাওয়া যায়, তবে পুরসভা নিজেই ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করবে। শুধু তাই নয়, ভবন ভাঙার যাবতীয় খরচও বহন করতে হবে সংশ্লিষ্ট মালিকপক্ষকেই। পাশাপাশি, সম্পত্তির অনুমোদিত নকশা ও যাবতীয় নথিপত্র পুরসভায় জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

                লতা ব্যানার্জি                                                 অভিষেক ব্যানার্জির  

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। বিরোধী শিবিরের দাবি, এতদিন প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন নীরব থাকলেও এখন পরিস্থিতি বদলাচ্ছে।

এক বিজেপি নেতা বলেন, “আইনের চোখে সবাই সমান হলে এই ধরনের তদন্ত আরও আগে হওয়া উচিত ছিল।” যদিও তৃণমূল নেতৃত্ব পুরো ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করেছে।

রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল চর্চা শুরু হয়েছে। ঘটনাচক্রে, গত শনিবার ফলতার নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির তালিকা নিয়ে সরব হয়েছিলেন।

শুভেন্দু দাবি করেছিলেন, লিপস অ্যান্ড বাউন্ডসের নামে কলকাতায় ২৪টি সম্পত্তি রয়েছে। এরপরই পুরসভার এই জোড়া নোটিশকে কেন্দ্র করে রাজনৈতিক সমীকরণ নতুন মাত্রা পেয়েছে।

পৌরসভার আধিকারিকরা ইতিমধ্যেই দ্বিতীয় দফার পরিদর্শনের প্রস্তুতি নিচ্ছেন বলেও খবর। যদিও সরকারি ভাবে এখনও ভাঙার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন-পরবর্তী উত্তপ্ত পরিস্থিতিতে এই নোটিশ নতুন করে রাজনৈতিক চাপানউতোর বাড়াবে। প্রশাসনিক পদক্ষেপ আদৌ আইনি পরিণতি পায় কিনা, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =