“অভিষেকের সেবাশ্রয় শিবিরে বন্ধ খেলাধুলা – মাঠ পুনরুদ্ধারের আশ্বাস দীপক হালদারের”

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: মঙ্গলবার ১২,মে :: ডায়মন্ড হারবার; ডায়মন্ড হারবার শহরের ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়দের দীর্ঘদিনের ক্ষোভ এবার প্রকাশ্যে এল। শহরের একমাত্র বড় খেলার মাঠ হিসেবে পরিচিত ডায়মন্ড হারবার মহকুমা শাসকের মাঠ বা এসডিও গ্রাউন্ড গত প্রায় আট মাস ধরে কার্যত বন্ধ অবস্থায় পড়ে রয়েছে।

মাঠ জুড়ে এখনো পড়ে রয়েছে সেবাশ্রয় শিবিরের বিশাল লোহার কাঠামো, স্টেজ তৈরির সামগ্রী এবং বিভিন্ন আবর্জনার স্তূপ। যার ফলে খেলাধুলা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ক্রীড়াপ্রেমীদের। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই এই মাঠ পুনরুদ্ধারের দাবি জোরালো হতে শুরু করে।

ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদারের কাছে একাধিকবার আবেদন জানান স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা। তাদের দাবি ছিল, মাঠে পড়ে থাকা সেবাশ্রয় শিবিরের কাঠামো এবং আবর্জনা দ্রুত সরিয়ে আবার খেলাধুলার উপযোগী করে তোলা হোক মাঠটিকে।

ক্রীড়াপ্রেমীদের সেই দাবির প্রেক্ষিতেই মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ড পরিদর্শনে যান বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার। মাঠে গিয়ে তিনি সরেজমিনে দেখেন, বিশাল লোহার কাঠামো এখনো মাঠের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে।

কোথাও জমে রয়েছে প্লাস্টিক, বাঁশ, কাপড় ও অন্যান্য বর্জ্য। মাঠের একাধিক অংশে ঘাস পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে। ফলে সেখানে নিয়মিত অনুশীলন করা তো দূরের কথা, সাধারণ খেলাধুলাও কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

মাঠ পরিদর্শনের সময় দীপক হালদার স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের সঙ্গে কথা বলেন। খেলোয়াড়রা জানান, দীর্ঘদিন ধরে মাঠ ব্যবহার করতে না পারায় অনুশীলনে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের বিকল্প মাঠের খোঁজে দূরে যেতে হচ্ছে। অনেক ছোট ছেলেমেয়ে খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তারা।

খেলোয়াড়দের অভিযোগ, মাঠের মধ্যে এখনো যেভাবে বড় বড় লোহার কাঠামো পড়ে রয়েছে, তাতে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। অনুশীলনের সময় কেউ আঘাত পেতে পারেন বলেও আশঙ্কা করছেন তারা। পাশাপাশি বর্ষার আগে মাঠ পরিষ্কার না করা হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেও মত স্থানীয়দের।

এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার তৃণমূল কংগ্রেস এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, “সেবাশ্রয়ের নামে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মাঠ দখল করে রেখেছেন।

ডায়মন্ড হারবারের খেলোয়াড়দের কাছ থেকে খেলার একমাত্র মাঠ কেড়ে নেওয়া হয়েছে। গত আট মাস ধরে একই অবস্থায় মাঠ পড়ে রয়েছে। এর ফলে খেলোয়াড়দের মারাত্মক সমস্যার মুখে পড়তে হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − five =