নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইটাহার :: মঙ্গলবার ৫,মে :: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে যখন রাজ্যজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ, আবির খেলা ও উচ্ছ্বাসে মেতে উঠেছেন অনেকে,
ঠিক সেই সময় ইটাহারে উত্তেজনার সৃষ্টি হলো তৃণমূল প্রার্থী মোশারফ হোসেনের গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগ, জয়ী প্রার্থী হিসেবে সার্টিফিকেট গ্রহণের পর মোশারফ হোসেন বাড়ি ফিরছিলেন।
সেই সময় পথে একদল দুষ্কৃতী তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বলে তিনি দাবি করেন। ঘটনায় গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ। যদিও এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তৃণমূলের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তোলা হয়েছে। অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার পেছনে কারা জড়িত এবং কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

