নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডোমজুড় :: বুধবার ৪,মার্চ :: আগামী ৯ই মার্চ বিয়ে। তার আগে ঘরে ফেরার কথা থাকলেও পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য এখনো ঘরে ফেরা হয়নি। কবে ঘরে আসতে পারবে তাও ঠিক নেই।
এই পরিস্থিতিতে ডোমজুড়ের নারনায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন গোটা পরিবার। একটাই প্রশ্ন তাদের মনে ঘুরপাক খাচ্ছে, ছেলে বিয়ের আগে ঘরে ফিরতে পারবে তো ?
পশ্চিম এশিয়া জুড়ে বেজে গেছে যুদ্ধের দামামা। এর ফলে একাধিক দেশে আটকে পড়েছেন বহু ভারতীয়। যেমন ডোমজুড়ের নারনা এলাকার যুবক সুরজিৎ মন্ডল (২৭)। সোনার পালিশ করার কাজের সূত্রে সে বাহেরিনের হিড শহরে থাকেন।
গত শনিবার ইজরাইল এবং আমেরিকার যৌথ বাহিনী ইরান আক্রমণের পর পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। একাধিক আমেরিকার সহযোগী দেশগুলোর ওপর ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে ইরান।
এতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে ওখানকার বসবাসকারী ভারতীয়রা। তারা কার্যত সেখানে আটকে পড়েছেন।
বাহেরিনের মুহাররক এয়ারপোর্টে বিমানে ওঠানামা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ফলে ভারতীয়রা ঘরে ফিরতে পারছেন না। মাস ৬ আগে পরিবারের পক্ষ থেকে সুরজিৎ এর বিয়ের ঠিক হয়।
বিয়ের তারিখ ৯ মার্চ অর্থাৎ আগামী সোমবার। সুরজিৎ এর প্লেনের টিকিট কাটা ছিল ১ মার্চ তারিখের। কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাওয়ার কারণে বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বন্ধ এয়ারপোর্ট। তার ফলে সে কর্মস্থল থেকে আর বেরোতে পারেনি। আর এই নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন তার বাবা-মা এবং আত্মীয়-স্বজনরা।

