নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ৪,জুন :: বুধবার সন্ধ্যায় নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন আদানি পোর্টের এমডি করণ আদানি । বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে আসছে।
এই পরিস্থিতিতে শিল্পপতি গৌতম আদানির ছেলের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও শিল্পমহল। সূত্রের খবর, রাজ্যে আদানি গোষ্ঠীর বিনিয়োগের জন্য রাজ্য সরকার সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ২০২২ সালে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে গৌতম আদানি পশ্চিমবঙ্গে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যার মধ্যে বন্দর পরিকাঠামো, ডেটা সেন্টার, আন্ডার সি কেবল ও লজিস্টিক পার্কের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প ছিল।
যদিও তাজপুর বন্দরের কাজ নিয়ে অতীতে জটিলতা তৈরি হয়েছিল, তবে বর্তমান সরকারের অধীনে সেই থমকে থাকা প্রকল্পগুলিতে গতি আসার সম্ভাবনা দেখছেন অনেকে। শুধু বন্দর নয়, রাস্তা নির্মাণ, বিমানবন্দর পরিচালনা এবং বিদ্যুৎ সঞ্চালনের মতো ক্ষেত্রে আদানি গোষ্ঠীর বিশাল অভিজ্ঞতা ও বিনিয়োগ ক্ষমতা রয়েছে।

