একটি বিলাসবহুল যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হল সাড়ে ২২ লক্ষ টাকা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বক্সিরহাট :: শনিবার ২৯,আগস্ট :: অসম-বাংলা সীমান্তের ২৭ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিংয়ের সময় একটি বিলাসবহুল যাত্রীবাহী বাস থেকে উদ্ধার হল সাড়ে ২২ লক্ষ টাকা।

শুক্রবার দুপুরে বক্সিরহাট থানার ভাঙাপাকরি নাকা চেকিং পয়েন্টে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে ভাঙাপাকরি নাকা চেকিং পয়েন্টে তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেই সময় AS-15 AC-4944 নম্বরের একটি অসমের যাত্রীবাহী বিলাসবহুল বাস আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় বাসের চালকের আসনের নিচে লুকিয়ে রাখা অবস্থায় বেশ কয়েকটি টাকার বান্ডিল উদ্ধার করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। পরবর্তীতে টাকা গুনে দেখা যায়, উদ্ধার হওয়া নগদের পরিমাণ মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার অধিকাংশই ৫০০ টাকার নোটের বান্ডিল। পাশাপাশি ২০০ ও ১০০ টাকার নোটও ছিল বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, বাসটি আলিপুরদুয়ার জেলার জয়গাঁ থেকে ভুটানের গেলেফুর উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটিতে মহিলা-সহ প্রায় ২০ থেকে ২২ জন যাত্রী ছিলেন। বাসটি আটক করে সমস্ত যাত্রীকে নামিয়ে তল্লাশি করা হয়। তবে টাকার দাবিদার হিসেবে কাউকে পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পরে যাত্রীদের অন্য একটি বাসে করে গন্তব্যের দিকে পাঠানোর ব্যবস্থা করা হয়। এদিকে, বিপুল পরিমাণ এই টাকা কোথা থেকে এল এবং কী উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল,

তা নিয়ে তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ। টাকার সঙ্গে বাসের চালক বা অন্য আরো কেউ চরিত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ। বর্তমানে চালককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে বক্সিরহাট থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 2 =