এগরার প্রাক্তন তৃণমূল বিধায়ক তরুণ মাইতির ঘনিষ্ঠ নেতার বাড়িতে হাজার হাজার সরকারি ত্রিপল, কম্বল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানিপারুল :: বুধবার ২৭,মে :: প্রাক্তন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ নেতার বাড়ি থেকে কয়েক হাজার সরকারি ত্রিপল, কম্বল উদ্ধারকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের পানিপারুল বাজার এলাকায়।

অভিযুক্ত নেতার নাম শিবশঙ্কর ভারতী, যিনি এগরার প্রাক্তন বিধায়ক তরুণ কুমার মাইতির অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

দীর্ঘ দিন ধরেই এগরা ২ ব্লকের পানিপারুল বাজারের বাসিন্দা তথা তৃণমূল নেতা শিবশঙ্কর ভারতীর বাড়িতে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী মজুত করে রাখা ছিল। গোপন সূত্রে সেই খবর পানিপারুলের সাধারণ এলাকাবাসীর কাছে পৌঁছায়।

তল্লাশি চালাতেই বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় থরে থরে সাজানো কয়েক হাজার সরকারি ত্রিপল। যা সাধারণত প্রাকৃতিক বিপর্যয় বা দুঃস্থদের সাহায্যের জন্য সরকারি তহবিল থেকে দেওয়া হয়।
​এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে পানিপারুল বাজারে শয়ে শয়ে মানুষ ক্ষোভে ফেটে পড়েন।

এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হওয়ায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এগরা থানার পুলিশ বাহিনী। ​ এরপর ঘর থেকে উদ্ধার হওয়া সমস্ত সরকারি ত্রিপল বাজেয়াপ্ত করে এগরা থানায় নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া ত্রিপলগুলি প্রাক্তন বিধায়ক তরুণ কুমার মাইতির মদতেই ওখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =