নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ১৩,জুন :: রাজ্যের শাসকদলের অভ্যন্তরীণ টানাপোড়েন ও সাংসদদের একাংশের অসন্তোষের আবহে সাংসদ শতাব্দী রায়ের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একই বিমানে দিল্লিতে গিয়ে বিজেপির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এর বাসভবনে যাওয়া ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
সূত্রের দাবি, দলের অভ্যন্তরে ক্রমবর্ধমান মতভেদ ও সাংগঠনিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যেই এই সাক্ষাৎ বিশেষ তাৎপর্য বহন করছে।


যদিও বৈঠকের বিষয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, তবুও রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রেক্ষিতে এই সাক্ষাৎ নিছক সৌজন্য সাক্ষাৎ নাও হতে পারে।
দিল্লির রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরে দলের সংসদীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা সুদীপ বন্দোপাধ্যায় বর্তমানে এক কঠিন রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি।
দলের একাংশের মধ্যে নেতৃত্ব ও ভবিষ্যৎ কৌশল নিয়ে অসন্তোষের খবর ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এদিকে বিরোধী শিবির দাবি করেছে, এই বৈঠক রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিতে পারে। যদিও শাসকদলের মুখপাত্ররা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ এবং এটিকে “স্বাভাবিক রাজনৈতিক সৌজন্য” বলেই ব্যাখ্যা করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী কয়েকদিনে যদি এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসে, তাহলে রাজ্য রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
আপাতত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর এবং ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ ঘিরে জল্পনাই রাজনৈতিক মহলের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

