সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বৃহস্পতিবার ১৬,এপ্রিল :: নির্বাচনী দামামা বাজতেই প্রচারে কোনো খামতি রাখছেন না সাগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা। সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর এলাকায় তাঁকে দেখা গেল এক ভিন্ন মেজাজে।
কখনো স্কুটির পেছনে বসে, আবার কখনো টোটোয় চেপে অলিগলি ঘুরে ভোটারদের আশীর্বাদ নিলেন তিনি।
সকালে রামকরচর অঞ্চলের ঝাউতলা মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করেন বঙ্কিমচন্দ্র হাজরা। এরপর খাসরামকর ও খানসাহেব আবাদ হয়ে রূপচাঁদ বাজার পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমা করেন তিনি।
দীর্ঘ ৪ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করার সময় সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্পগুলির সুফলের কথা তুলে ধরেন। জনসংযোগের সমাপ্তি ঘটে যমুনাখালী আদিবাসী পাড়ায়।
সেখানে আদিবাসী মায়েরা প্রথা মেনে তৃণমূল প্রার্থীর পা ধুইয়ে দেন এবং তাঁকে পুনরায় জয়ী হওয়ার আশীর্বাদ করেন। এলাকাবাসীর সঙ্গে কথা বলার সময় বঙ্কিমবাবু বলেন, “মানুষের পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য। দিদির ১০টি শপথ আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।”
শেষে আদিবাসী যুব সংঘ ক্লাব প্রাঙ্গণে একটি নির্বাচনী কর্মী সভায় যোগ দেন তিনি। আগামী ২৯ এপ্রিল জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখার আবেদন জানান এই প্রবীণ নেতা।

