নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২২,জুলাই :: কুরিয়ার সংস্থার পার্সেলের মাধ্যমে মোবাইল পাচারের অভিনব ছক ভেস্তে দিল কালিয়াচক থানার পুলিশ। দুটি পার্সেল বক্স থেকে বিভিন্ন নামী সংস্থার প্রায় ১০০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান,গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ জানতে পারে,অন্ধ্রপ্রদেশ থেকে দুটি পার্সেল বক্সের মাধ্যমে বিপুল সংখ্যক মোবাইল পাচারের চেষ্টা চলছে।
সেই তথ্যের ভিত্তিতে কালিয়াচকের চৌরঙ্গি এলাকায় অভিযান চালিয়ে এক ডেলিভারি বয়কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় দুটি পার্সেল ভর্তি প্রায় ১০০টি বিভিন্ন নামী ব্র্যান্ডের মোবাইল ফোন।
ডেলিভারি বয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৈষ্ণবনগর থানার পারদেওয়ানাপুর এলাকা থেকে সোহেল রানা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার ধৃতকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ গোটা পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মোবাইলগুলি কোথায় পাচারের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখছে।

