ক্যানিং পূর্বে রণক্ষেত্র! আইএসএফ প্রার্থীর গাড়িতে হামলা, উত্তাল দেউলী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: মঙ্গলবার ২১,এপ্রিল :: দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে ফের রাজনৈতিক অশান্তির আবহ। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।

অভিযোগ, দেউলী এলাকায় প্রচারে যাওয়ার সময় আচমকাই তাঁর গাড়ির ওপর চড়াও হয় একদল দুষ্কৃতী। এই হামলায় গাড়ি ভাঙচুরের পাশাপাশি আহত হন আইএসএফের বেশ কয়েকজন কর্মী-সমর্থক।ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম দলীয় কর্মীদের নিয়ে দেউলী এলাকায় নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন। সেই সময় আচমকাই কিছু দুষ্কৃতী তাঁদের গাড়ির পথ আটকে দেয় বলে অভিযোগ। এরপরই শুরু হয় ভাঙচুর।

লাঠি, ইট-পাটকেল নিয়ে হামলা চালানো হয় গাড়ির ওপর। মুহূর্তের মধ্যে গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়েন কর্মী-সমর্থকরা। আইএসএফের দাবি, এই হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তাদের অভিযোগ, বিরোধী শক্তিকে ভয় দেখাতেই এই ধরনের হামলা চালানো হচ্ছে। আহত কর্মীদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।

ঘটনার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে দেউলী সহ সংলগ্ন এলাকায়। ক্ষুব্ধ আইএসএফ কর্মীরা প্রতিবাদে বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করে বসেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 18 =