নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পান্শ্কুড়া :: শনিবার ২৫,জুলাই :: জীবন ঝুঁকি নিয়েই প্রতিদিনই ক্লাস করতে হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের অন্তর্গত প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকটি ক্লাসের ছাত্রছাত্রীদের। বহু পুরনো স্কুলের বেশ কয়েকটি ক্লাসরুম রীতিমতো ভগ্ন দশা।
যখন তখন স্কুলের দেওয়ালের চাঙড় ভেঙে পড়ে উপর থেকে। একই পুনরাবৃত্তি হল এই স্কুলের একাদশ শ্রেণীর ক্লাসে। চতুর্থ পিরিয়ড চলাকালীন হঠাৎই এক ছাত্রের কাঁধের গোড়ায় চাঙড় ভেঙে পড়ে। এরপরেই রীতিমতো আতঙ্ক ছড়ায় ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে।
একাদশ শ্রেণির ছাত্র জয়দীপ হাইত বলেন,আমাদের স্কুলের বেশ কয়েকটি ক্লাস একেবারে ভগ্নপ্রায় দশা। আজও ক্লাস করতে গিয়ে আমারই পাশে উপর থেকে দেওয়ালের চাঙড় ভেঙে পড়ে। মাথায় পড়লে প্রাণ সংশয় হতো। প্রতিদিনই আমাদের এইভাবে জীবন ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়।
রাজ্যে নতুন সরকার এসেছে, যদি আমাদের স্কুলের উন্নয়ন ঘটায় তাহলে আমরা উপকৃত হব এবং নির্বিঘ্নে ক্লাস করতে পারবো। স্কুলের অপর এক ছাত্রী সুমনা সামন্ত বলেন, আমরা প্রতিদিনই জীবন ঝুঁকি নিয়ে ক্লাস করি।
ক্লাস ঘরের বিভিন্ন অংশে ভেঙে পড়েছে দেওয়ালের অংশ,ক্লাস রুমের চাঙর প্রায়শই ভেঙে পড়ে, আজও তার ব্যতিক্রম হয়নি।
ফলে রীতিমত ভয়ে ভয়ে ক্লাস করতে হয় আমাদের। তবে এ প্রসঙ্গে প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ কুমার ঘনা বলেন, আমাদের বিদ্যালয়ের বেশ কয়েকটি ক্লাসরুম ভগ্নপ্রায় দশা।
আমাদের স্কুলে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে। আমরা বিগত সরকারের আমলে নতুন ক্লাসরুম, সাইকেল স্ট্যান্ড বা স্কুলের উন্নয়ন প্রকল্পের জন্য বহু আবেদন নিবেদন করেছি অর্থ সাহায্যের জন্য স্কুলের বিভিন্ন দপ্তর,মহকুমা শাসক, জেলাশাসকের দপ্তরে। বহু আবেদন করেও কোন ফল মেলেনি।
একাদশ শ্রেণির ভোকেশনাল বিভাগে ক্লাস চলাকালীন চাঙড় ভেঙে পড়ে। এক ছাত্রের কাঁধের পাশে পড়ে চাঙড়। ফলে চরম আতঙ্কের সঙ্গে ক্লাস করতে হয় ছাত্র-ছাত্রীদের। আমরা চাই নতুন সরকার যদি আমাদের স্কুলের পাশে দাঁড়ায় এবং বেশ কয়েকটি নতুন ক্লাস রুম নির্মাণ করতে সহায়তা করলে, তাহলে নির্বিঘ্নে ক্লাস করতে পারবে ছাত্রছাত্রীরা।

