নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খণ্ডঘোষ :: বৃহস্পতিবার ৯,জুলাই :: খণ্ডঘোষ বিধানসভার অন্তর্গত সগড়াই গ্রাম পঞ্চায়েতের আহলাদিপুর গ্রামে খুনের হুমকি, বাড়ি থেকে তুলে নিয়ে এসে মারধর, তোলাবাজি, গরিব মানুষের ঘর ভাঙচুর এবং চাষের কাজে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগে গ্রেফতার হলেন দুই ব্যক্তি।
ধৃতরা হলেন আহলাদিপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী মহসিন আলী মিদ্দা (বাদল) এবং তাঁর সহযোগী জাকির খাঁ (হুমদো)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠছিল।
একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে খণ্ডঘোষ থানার পুলিশ। তদন্তের পর অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়।
এই গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার আহলাদিপুর গ্রামে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও এবার পুলিশের তৎপরতায় তাঁরা আশার আলো দেখছেন।
এলাকাবাসীর বক্তব্য, প্রশাসনের দ্রুত পদক্ষেপে গ্রামের ছোট-বড় সকলেই খুশি। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা আদালতে বিচারাধীন। তদন্ত চলবে এবং আদালতের রায় না হওয়া পর্যন্ত আইনগতভাবে তাঁদের দোষী বলা যায় না।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

