নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফুলবাড়ি :: মঙ্গলবার ২,জুন :: গরমের মধ্যে স্নান করতে গিয়ে তিস্তার জলে মর্মান্তিক মৃত্যু হল দুই কিশোরের। মঙ্গলবার দুপুরে গজলডোবা সংলগ্ন পারামুন্ডা এলাকায় এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ফুলবাড়ি এলাকায়।
মৃত দুই কিশোরের নাম কৃষ্ণ মণ্ডল (১৪) ও দীপ বিশ্বাস (১৩)। তারা দুজনেই সপ্তম শ্রেণির ছাত্র এবং ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের অম্বিকানগর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে চার বন্ধু সাইকেল নিয়ে স্কুলে যায়।
কিন্তু স্কুলে গিয়ে গেট বন্ধ দেখতে পেয়ে তারা সেখান থেকে ঘুরতে ঘুরতে গজলডোবার পারামুন্ডা এলাকায় পৌঁছয়। প্রবল গরমের কারণে তারা তিস্তার জলে স্নান করতে নামে। প্রথমে একজন কিশোর জলে নামে।
কিছুক্ষণ পর সে গভীর জলে তলিয়ে যেতে শুরু করলে তাকে বাঁচাতে আরেক বন্ধু জলে ঝাঁপ দেয়। কিন্তু সেও জলের স্রোতে তলিয়ে যায়।
ঘটনাটি দেখে বাকি দুই বন্ধু আতঙ্কিত হয়ে আশেপাশের এলাকায় ছুটে গিয়ে স্থানীয়দের খবর দেয়। এরপর স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভোরের আলো থানার পুলিশ। দীর্ঘ চেষ্টার পর জলের নিচ থেকে উদ্ধার করা হয় দুই কিশোরের নিথর দেহ।
পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা। অম্বিকানগর এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গজলডোবা ও পারামুন্ডা এলাকায় প্রায়ই মানুষ স্নান করতে নামলেও নিরাপত্তার কোনও ব্যবস্থা নেই। প্রশাসনের তরফে সতর্কীকরণ বা নজরদারি বাড়ানোর দাবি উঠেছে এলাকাজুড়ে।

