নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোণা :: বুধবার ১৯,আগস্ট :: ভারি বৃষ্টিতে জল বেড়েছে চন্দ্রকোণায় শিলাবতী নদীতে।নদীতে থাকা গ্রামবাসীর তৈরি বাঁশের সাঁকো জলের তলায়। তারউপর দিয়ে সাইকেল ,মোটরবাইকে ঝুঁকি নিয়ে পেরচ্ছে এলাকার মানুষ।
নদী পারাপারের এমনই ঝুঁকির ছবি দেখা গেল চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর-১ পঞ্চায়েতের ঘোষকিরা এলাকায়। ঘোষকিরা এলাকায় থাকা শিলাবতী নদীর উপর বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করা যাচ্ছিল। তারপর থেকে নদীর জল আরও বাড়তে থাকায় সাঁকোর উপর দিয়ে জল বইছে।
নদীর একপ্রান্তে রয়েছে ঘোষকিরা ও অপরপ্রান্তে রয়েছে ভগবন্তপুর বাজার ঘোষকিরা ,কোল্লা ,খুড়শি ,শীর্ষা ,ধরমপোতা সহ একাধিক গ্রামের মানুষ এই বাঁশের সাঁকো পেরিয়ে ভগবন্তপুর বাজারে যাতায়াত করেন।সেখান থেকে কম সময়ে চন্দ্রকোণা শহরে পৌঁছে যাওয়া যায়।
অন্যথা অনেকটা ঘুরপথে যাতায়াত করতে হবে। ঘোষকিরা গ্রামের বাসিন্দাদের দাবি,তাদের গ্রামের বাসিন্দারা চাঁদা তুলে এই বাঁশের সাঁকোটি তৈরি করেছে।সাঁকো থেকে কিছু দূরে ভগবন্তপুর-১ পঞ্চায়েতের তৈরি একটি কাঠের সেতু ছিল।সেটি কয়েকবছর আগেই জলের তোড়ে ভেঙে যায়।
ভারি বৃষ্টির জেরে গ্রামবাসীর তৈরি বাঁশের সাঁকো জলে ডুবে গিয়েছে। তারউপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে নদী পারাপার।নদীর জল আরও বাড়ার আশঙ্কায় গ্রামবাসীর উদ্যোগে একটি নৌকারও ব্যবস্থা করা হয়েছে।তৃণমূল সরকারের আমলে একাধিক বার ঘোষকিরা এলাকায় নদীর উপর একটি ব্রিজ তৈরির দাবি জানিয়েও তা হয়নি।
নতুন সরকারের কাছে বাসিন্দাদের আশা এবার স্থায়ী সমাধান হবে। স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন চন্দ্রকোণার বিজেপি বিধায়ক সুকান্ত দোলই।

