নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: শনিবার ২০,জুন :: গোটা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরের চোপড়াতেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস পালন করল বিজেপি। শনিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে চোপড়ার কালাগছ এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে দলের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন দলের নেতৃত্ব।
পতাকা উত্তোলনের পর বিজেপি কর্মী-সমর্থকরা কালাগছের বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরব তুলে ধরার পাশাপাশি রাজ্যের উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও সচেতনতার বার্তা দেওয়া হয়।
এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে একাধিক কর্মসূচিরও আয়োজন করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং স্বকীয়তাকে স্মরণ করতেই এই বিশেষ দিনের আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে দলের বহু নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিজেপি নেতৃত্ব জানান, পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি আনুষ্ঠানিক উদযাপন নয়, বরং বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়েছে।

