নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৮,মার্চ :: শনিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আমতলা গ্রামে। ঘ
টনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা ভরত মণ্ডলের ছোট শিশু কন্যা বাড়ির কাছেই একটি মন্দিরের সামনে খেলাধুলা করছিল।
অভিযোগ, সেই সময় এক অজ্ঞাত পরিচয় মহিলা হঠাৎ করে শিশুটির দিকে এগিয়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করেন। বিষয়টি নজরে পড়তেই দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং মহিলাটিকে আটক করেন।
এলাকাবাসীদের দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় ছেলে ধরা নিয়ে নানা খবর ও গুজব ছড়িয়ে পড়ায় তারা আগেই সতর্ক ছিলেন। তাই সন্দেহজনকভাবে শিশুটির কাছে যাওয়ায় মহিলাকে আটক করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীদের দাবি, শিশুদের নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক মহিলার পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

