জনজাতি সম্প্রদায়ের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে হুগলিতে ‘জন ভাগীদারি অভিযান’

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: মঙ্গলবার ১৯,মে :: আদিবাসী ও জনজাতি সম্প্রদায়ের মানুষের কাছে সরকারি পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে হুগলি জেলায় শুরু হচ্ছে ‘জন ভাগীদারি অভিযান – সবসে দূর, সবসে পহেলে’।

সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন হুগলির জেলাশাসক খুরশিদ আলি কাদরি। জেলাশাসক জানান, ২৫ মে পর্যন্ত জেলার পাঁচটি ব্লকে এই বিশেষ অভিযান চলবে।

প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী মহা অভিযান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানের আওতায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মূল উদ্দেশ্য, প্রত্যন্ত এলাকার জনজাতি সম্প্রদায়ের মানুষের কাছে বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা পৌঁছে দেওয়া।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালি, পাণ্ডুয়া, বলাগড়, চুঁচুড়া-মগরা ও সিঙ্গুর ব্লকের মোট ৯টি গ্রামে শিবির হবে।

প্রতিটি শিবিরে প্রায় ২৫০ থেকে ৩০০ জন মানুষের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এই শিবিরগুলিতে স্বাস্থ্য, কৃষি, বন, ভূমি, আইসিডিএস, আবগারি সহ বিভিন্ন সরকারি দপ্তর অংশ নেবে।

সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাও শোনা হবে। আবেদন বা অভিযোগ গ্রহণের পর শিবির থেকেই স্বীকৃতিপত্র দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান জেলাশাসক।

জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, “প্রত্যন্ত এলাকার জনজাতি সম্প্রদায়ের মানুষ যাতে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তর সমন্বয় রেখে কাজ করবে।”

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কর্মসূচি সফল করতে বিডিও, জয়েন্ট বিডিও, BCW দপ্তরের আধিকারিক এবং মহকুমা প্রশাসনের আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =