জনরোষের বিস্ফোরণ – গণপ্রহারে জখম কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ সিং, উদ্ধার করে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁচরাপাড়া :: বৃহস্পতিবার ১৬,জুলাই :: এবার গণ রোষের শিকার পঞ্চায়েত প্রধান।দীর্ঘদিনের ক্ষোভ যেন শনিবার রাতে বিস্ফোরিত হল। কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পঙ্কজ সিং জনরোষের মুখে পড়ে গণপ্রহারের শিকার ।

অভিযোগ, ভোটের ফল প্রকাশের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে কল্যাণীর লেক পার্ক সংলগ্ন একটি আবাসনে তিনি আশ্রয় নিয়েছেন—এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজিত একদল যুবক সেখানে পৌঁছে যায়।

অভিযোগ, ফ্ল্যাট থেকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে পঙ্কজ সিংকে বেধড়ক মারধর করা হয়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে পঙ্কজ সিংকে উদ্ধার করে পুলিশ নিজেদের হেফাজতে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, পঞ্চায়েত পরিচালনায় বিভিন্ন আর্থিক অনিয়ম, দুর্নীতি, স্বজনপোষণ এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল সাধারণ মানুষের মধ্যে। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হিসেবে এই গণপ্রহারের ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। তবে এই অভিযোগগুলির সত্যতা তদন্তসাপেক্ষ।

পুলিশ সূত্রে খবর, উদ্ধার করার পর পঙ্কজ সিংকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাঁর বিরুদ্ধে থাকা একাধিক অভিযোগের ভিত্তিতে কল্যাণী থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

একই সঙ্গে গণপ্রহারের ঘটনায় কারা জড়িত, কীভাবে এই হামলা সংঘটিত হল এবং এর নেপথ্যে আর কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।

এই ঘটনাকে কেন্দ্র করে কাঁচরাপাড়া ও কল্যাণী জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একসময়ের দাপুটে এই তৃণমূল নেতার গণপ্রহারের ঘটনা ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 16 =