সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শুক্রবার ৪,সেপ্টেম্বর :: জন্মাষ্টমীর সকালে পুজো দেবে বলে বান্ধবীদের সঙ্গে পুকুরে শ্যাপলা ফুল তুলতে গিয়েছিল নবম শ্রেণির ছাত্রী শুভশ্রী রায়। কিন্তু সেই ফুল তোলাই যে তার জীবনের শেষ মুহূর্ত হয়ে উঠবে, তা ভাবতে পারেনি কেউ।
পুকুরের গভীর জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় তার। শুক্রবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গধেয়াকুঠী গ্রাম পঞ্চায়েতের পারকুমলাই এলাকায়। মৃত শুভশ্রী কালীরহাট দেওয়ান চন্দ্র হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কয়েকজন বান্ধবীর সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে শ্যাপলা ফুল তুলতে নেমেছিল শুভশ্রী।
পুকুরের কোথায় গভীর জল রয়েছে, সে সম্পর্কে তাদের কোনও ধারণা ছিল না। কিছু ফুল তোলার পর সকলের নজর এড়িয়ে পুকুরের মাঝের দিকে চলে যায় শুভশ্রী। মুহূর্তের মধ্যেই গভীর জলে তলিয়ে যায় সে।
বান্ধবীরা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও উদ্ধার করতে পারেনি। তাদের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে আসেন। দীর্ঘক্ষণ খোঁজার পর পুকুরের গভীর জল থেকে শুভশ্রীকে উদ্ধার করে দ্রুত ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। জন্মাষ্টমীর পুজোর ফুল তুলতে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না শুভশ্রীর।
পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। জন্মাষ্টমীর আনন্দের সকালে এক কিশোরীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ পারকুমলাই এলাকা।

