নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: শুক্রবার ৪,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ধোবা এলাকায় ঘটল একেবারে ‘ছাগলকাণ্ড’! প্রতিবেশীর জমিতে ঢুকে পড়েছিল একটি ছাগল। আর সেই অপরাধেই যেন রীতিমতো ‘শাস্তি’ পেতে হল নিরীহ প্রাণীটিকে ।
অভিযোগ, ছাগলটি প্রতিবেশীর জমিতে ঢুকে যাওয়ায় তাকে তাড়িয়ে নিয়ে এসে তার মালিকের বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় জখম হয় ছাগলটি।ঘটনার পর আর দেরি করেননি ছাগলের মালিক টিংকু মল্লিক।
আহত ছাগলকে সঙ্গে নিয়েই সটান থানায় হাজির! অর্থাৎ, এবার থানায় অভিযোগকারী শুধু মানুষ নন—অভিযোগের ‘মূল সাক্ষী’ও চারপেয়ে! এদিন টিংকু মল্লিক জানান, “ছাগল তো অবলা জীব। ভুল করে অন্যের জমিতে যেতেই পারে। তাই বলে এভাবে মারধর করা হবে?”
এখন প্রশ্ন একটাই—জমিতে ঢোকার অপরাধে ছাগলের বিরুদ্ধে মামলা হবে, নাকি ছাগলই মারধরের অভিযোগে ‘বাদী’ হবে? ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য। আর থানায় হাজির আহত ছাগলকে দেখে অনেকেরই মুখে একটাই কথা—“এবার বুঝি ছাগলেরও আইনি অধিকার!”

