নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: শনিবার ২,মে :: জম্মু-কাশ্মীরে কর্মরত অবস্থায় মৃত্যু হল বীরভূমের এক অগ্নিবীর জওয়ানের। মৃতের নাম অনুপম মণ্ডল (২৪)। তাঁর বাড়ি বীরভূম জেলার মল্লারপুর থানার অন্তর্গত সৌজ গ্রামে। এই অকাল মৃত্যুর খবরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় আটটা নাগাদ মা মল্লিকা মণ্ডলের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলেন অনুপম।
সেই কথোপকথনের কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনীর তরফ থেকে তাঁর বাড়ির ফোন নম্বরে যোগাযোগ করা হয়। তবে সেই সময় ঘুমিয়ে থাকায় ফোনটি ধরতে পারেননি তাঁর মা।
শুক্রবার সকালে পুনরায় সেনাবাহিনীর পক্ষ থেকে যোগাযোগ করে জানানো হয়, গুলিবিদ্ধ হয়েছেন অনুপম মণ্ডল এবং তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। যদিও ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
ছেলের মৃত্যুসংবাদ পেয়ে ভেঙে পড়েছেন বাবা রামপ্রসাদ মণ্ডল, মা মল্লিকা মণ্ডলসহ পরিবারের অন্যান্য সদস্যরা। গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া, প্রিয় সন্তানকে হারিয়ে স্তব্ধ সৌজ গ্রাম।
