জলমগ্ন ৪০০–৫০০ বিঘা কৃষিজমি, পরিদর্শনে প্রশাসনিক আধিকারিক ও বিধায়ক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফারাক্কা :: রবিবার ১৬,আগস্ট ::   মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বাগডাবরা ও তালিপুর মৌজায় বিস্তীর্ণ কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। প্রায় ৪০০ থেকে ৫০০ বিঘা জমি জলের তলায় থাকায় সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা।

রবিবার সেই জলমগ্ন এলাকা পরিদর্শনে যান ফারাক্কার বিডিও সুজয় ব্যাপারী, ফারাক্কার বিধায়ক মোতাব শেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য আধিকারিকরা।

স্থানীয়দের অভিযোগ, বর্ষার সময় পাহাড়ি জল নেমে এসে এই এলাকার মাঠে জমা হয়। আগে মাঠের জোলা দিয়ে সেই জল কালয় নদীতে গিয়ে পড়ত এবং সেখান থেকে গঙ্গায় মিশে যেত।

কিন্তু বর্তমানে কালয় নদীর উপর অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে একটি চেক ড্যাম তৈরি হওয়ায় জল নিষ্কাশনে সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ।

স্থানীয়দের আরও দাবি, চেক ড্যামের নকশায় ত্রুটি থাকার কারণে মাঠের জল স্বাভাবিকভাবে বের হতে পারছে না। পাশাপাশি, যে জোলা দিয়ে আগে জল বেরিয়ে যেত, সেটিও পাবলিক ল্যান্ডের কারণে ভরাট হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

জল জমে থাকায় চলতি মরশুমে ধান চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। শুধু ধান নয়, জমি থেকে দ্রুত জল না নামলে পরবর্তী রবি মরশুমের ফসলও চাষ করা সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন কৃষকরা। ফলে দীর্ঘমেয়াদি কৃষি ক্ষতির আশঙ্কায় চিন্তায় পড়েছেন এলাকার চাষিরা।

পরিদর্শনের সময় আধিকারিকরা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা যায় কি না, তা নিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 2 =