নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: রবিবার ২৬,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন।
বিজেপি প্রার্থী অরুণ হালদারের সমর্থনে আয়োজিত জনসভা থেকে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, প্রথম দফার ভোটের পরই স্পষ্ট— পশ্চিমবঙ্গে বড়সড় সাফল্যের পথে এগোচ্ছে বিজেপি।
সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, চার মে বর্ধমানের সীতাভোগ খাইয়ে মোদীজির মিষ্টিমুখ করাব”।
তাঁর এই মন্তব্যে রাজনৈতিক বার্তার পাশাপাশি স্থানীয় সংস্কৃতিরও উল্লেখ উঠে আসে। তিনি দাবি করেন, প্রথম দফার নির্বাচনে বিজেপি ১১০টির বেশি আসনে জয়লাভ করবে এবং তৃণমূল কংগ্রেসকে সরিয়ে রাজ্যে ‘পদ্মফুলের সরকার’ গঠন হবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করতে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে মাসিক ৩,০০০ টাকা করে দেওয়া হবে।
পাশাপাশি তিনি অনুপ্রবেশের বিষয়টিকে বড় ইস্যু হিসেবে তুলে ধরে কড়া হুঁশিয়ারি দেন— “৫ তারিখের পর বাংলায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে”।
মতুয়া সম্প্রদায়ের প্রসঙ্গ টেনে অমিত শাহ অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার তাদের ভয় দেখাচ্ছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, “আমাদের প্রাণ থাকতে মতুয়াদের কোনও ক্ষতি হতে দেব না”।
রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়েও সরব হন তিনি। দাবি করেন, গত কয়েক বছরে প্রায় ৭০০০ কারখানা বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। বিজেপি সরকার গঠিত হলে দুই বছরের মধ্যে সেই শিল্প ফের রাজ্যে এনে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

