ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৩,জুন :: শনিবার সাত সকালে আমবাগানের মধ্যে এক বৃদ্ধের গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদার সাহাপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকায়।

বৃদ্ধের রহস্যজনক মৃত্যুর ঘটনায় খুনের অনুমান করছেন পরিবারবর্গ সহ এলাকাবাসী। তবে খুন নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখতে দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।জানা গেছে, মৃত বৃদ্ধের নাম হরিবোল মন্ডল। বয়স আনুমানিক ৬৫ বছর। বাড়ি সাহাপুর অঞ্চলের চর কাদিরপুর এলাকায়।

তিনি পেশায় ছিলেন ফুল ব্যবসায়ী। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে এক আমবাগানে আমগাছের মধ্যে গলায় ফাঁস লাগানো মৃত অবস্থায় তাকে ঝুলতে দেখেন স্থানীয়রা।

এই খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিবারবর্গ এবং কান্নায় ভেঙে পড়েন। মৃত বৃদ্ধের এক মেয়ে জানান, সম্প্রতি গ্রামের দুই যুবকের মধ্যে গন্ডগোল হয়েছিল।

সেই গন্ডগোলের ঘটনায় তার বাবার নাম জড়িয়ে পুলিশে নাকি কেস হয়েছে। এই কথা জানার পর থেকেই তার বাবা আতঙ্কে ছিলেন।

সেই আতঙ্ক থেকেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে নাকি কেউ বা কারা তাকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে দেহ আমগাছে ঝুলিয়ে দিয়েছে তা বুঝে উঠতে পারছেন না। তাই তারা গোটা ঘটনার সঠিক তদন্ত দাবী করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =