টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ নামে পরিচিত বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিত চ্যাটার্জি এবার দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হলেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা ডেস্ক :: সোমবার ২৫,মে :: টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ নামে পরিচিত বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী এবার দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হলেন।

সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু -র হাত থেকে এই সম্মান গ্রহণ করেন তিনি। বাংলা চলচ্চিত্র জগতে চার দশকেরও বেশি সময় ধরে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মান প্রদান করা হয়েছে।

ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে অনুষ্ঠানে উপস্থিত হন প্রসেনজিৎ। রাষ্ট্রপতি ভবনের মঞ্চে তাঁর উপস্থিতি ঘিরে আবেগঘন মুহূর্ত তৈরি হয়।

দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে একই মঞ্চে সম্মানিত হন এই অভিনেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কারপ্রাপকদের নাম ঘোষণা করেছিল। সেই তালিকায় শিল্পকলার বিভাগে স্থান পেয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

শিশু বয়সে অভিনয় জগতে পা রাখা প্রসেনজিৎ পরবর্তীকালে বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় মুখগুলির অন্যতম হয়ে ওঠেন। ‘অমর সঙ্গী’, ‘পথভোলা’, ‘চোখের বালি’, ‘অটোগ্রাফ’, ‘জাতিস্মর’-এর মতো একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছে।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবেও তিনি সফল। দীর্ঘ কেরিয়ারে তিনি ২০০-রও বেশি ছবিতে অভিনয় করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে।

পদ্মশ্রী প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় অভিনেতা জানান, এই সম্মান শুধু তাঁর ব্যক্তিগত প্রাপ্তি নয়, বাংলা চলচ্চিত্র জগতেরও সম্মান। কয়েক মাস আগে পুরস্কার ঘোষণার সময় তিনি তাঁর প্রয়াত মায়ের প্রতি এই সম্মান উৎসর্গ করেছিলেন এবং পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছিলেন তাঁদের সমর্থনের জন্য।

চলতি বছরের পদ্ম পুরস্কার অনুষ্ঠানে বিনোদন জগতের আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব সম্মানিত হয়েছেন। অভিনেতা আর মাধব, মালয়ালম সুপারস্টার মনমুতটি, গায়ক আলোকা ইয়াগনিক -সহ বহু তারকা এবারের পদ্ম সম্মান পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =