নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঠাকুরনগর :: সোমবার ১৯,মে :: রাজ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তম উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর ফুলবাজারকে আরও উন্নত ও আধুনিক করে তোলা হবে বলে জানালেন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ফুলের বাজার হিসেবে পরিচিত ঠাকুরনগর ফুল মার্কেটের ব্যবসায়ীদের সুবিধার্থে এখানে হিমঘর তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ফুল দীর্ঘ সময় সতেজ রাখা যায় এবং ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে না হয়।
ভবিষ্যতে যাতে এই ঠাকুরনগর থেকে বিদেশে ফুল রপ্তানি করা যায় তার বন্দোবস্তও করা হবে। তিনি আরও বলেন, ফুলচাষীদের আর্থিক উন্নতি ঘটলে এই বিধানসভা এলাকার সাধারণ মানুষের আর্থিক অবস্থারও উল্লেখযোগ্য পরিবর্তন হবে এবং এলাকার সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে।
এদিন ঠাকুরনগর ফুলবাজার ওনার্স অ্যাসোসিয়েশন ও শক্তি সংঘের পক্ষ থেকে বিধায়ককে সংবর্ধনা দেওয়া হয়। ২০২৬ সালে অভাবনীয় সাফল্যের কথা মাথায় রেখে
২০২৬টি পদ্মফুল দিয়ে তৈরি ১৪ ফুট দীর্ঘ মালা পরিয়ে বিধায়ককে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলচাষী, ব্যবসায়ী ও বাজার কমিটির একাধিক সদস্য।
পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠাকুরনগর ফুলবাজার ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থপ্রতিম বিশ্বাস জানান, রাজ্যের উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ীদের পাশে থাকার আবেদন জানিয়েই তারা আজ বিধায়ককে সংবর্ধিত করেছেন।
ফুলচাষীদের উন্নয়নের স্বার্থে দীর্ঘদিন ধরেই বিভিন্ন দাবি জানানো হচ্ছিল। বিধায়কের আশ্বাসে আমরা আশাবাদী।

