নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পৈলান :: বৃহস্পতিবার ১৪,মে :: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক দিলীপ মন্ডলের পৈলানের বিলাসবহুল বাড়িতে বৃহস্পতিবার ব্যাপক তল্লাশি অভিযান চালাল ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ।
সকাল থেকেই গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিধায়কের বাড়ির আশপাশ ঘিরে ফেলে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়, যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে একটি বিজয় মিছিল চলাকালীন প্রকাশ্যে হুমকিমূলক মন্তব্য করতে শোনা যায় বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলকে।
সেই ঘটনার ভিডিও এবং একাধিক অভিযোগ সামনে আসতেই বিজেপির পক্ষ থেকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে দাবি করা হয়, বিধায়কের বক্তব্য এলাকায় ভয় ও উত্তেজনার পরিবেশ তৈরি করেছে এবং বিরোধী কর্মী-সমর্থকদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
এরপরই পুলিশ বিষয়টি খতিয়ে দেখা শুরু করে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পৈলানে দিলীপ মন্ডলের বিলাসবহুল বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়।
যদিও তল্লাশির সময় বিধায়ক বাড়িতে উপস্থিত ছিলেন কি না, তা নিয়ে স্পষ্টভাবে কিছু জানায়নি পুলিশ। তবে স্থানীয় সূত্রের দাবি, তল্লাশি শুরুর আগেই তিনি এলাকা ছেড়ে চলে গিয়েছেন।
বর্তমানে তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডল কোথায় রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ সূত্রেও তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য মেলেনি। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
বিজেপির দাবি, আইন নিজের পথে চলতে শুরু করেছে এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

