নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আউশগ্রাম :: শুক্রবার ২৬,জুন :: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে শুক্রবার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তোলাবাজি-সহ একাধিক ফৌজদারি অভিযোগে গ্রেফতার করা হয় আউশগ্রাম-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল লালন ওরফে ‘দাতা লালন’-কে।
তার সাথে একই মামলায় গ্রেফতার করা হয় তার ছেলে আফজল রহমান ওরফে সঞ্জু-কেও।, দীর্ঘ কয়েকদিন গা-ঢাকা দিয়ে থাকার পর শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন তিনি।
শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে বর্ধমান জেলা আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে থানার বাইরে আনার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীদের একাংশ ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন। অভিযোগ, সেই সময় অভিযুক্তকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে এক প্রকার হিমশিম খেতে হয় পুলিশকে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য আগে থেকেই ছিল কড়া পুলিশি নিরাপত্তা।
সম্ভাব্য হামলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আব্দুল লালনের মাথায় হেলমেট পরিয়ে পুলিশ ভ্যানে তোলা হয়। তাঁকে ঘিরে তৈরি করা হয় শক্ত নিরাপত্তা বলয়। এরপর পুলিশি পাহারায় তাঁকে বর্ধমান জেলা আদালতে নিয়ে যাওয়া হয়। এই দৃশ্য ঘিরে আদালত চত্বর ও থানা এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তোলাবাজি, মারধর, ভয় দেখানো, চুরি-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শুক্রবার দু’জনকেই একসঙ্গে বর্ধমান জেলা আদালতে তোলা হয়।বর্ধমান জেলা আদালতে তোলার সময় দাতা লালন বলেন সাংবাদিকদের পরিস্থিতি যা রয়েছে সেরকম ভাবেই আমাদের চলতে হবে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলাটি দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩৫৪, ৩৭৯, ৪২৭, ৫০৬ এবং ৩৪ ধারায়। মামলার নম্বর ২০৯/২৬।
তদন্তকারী আধিকারিকদের দাবি, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত আরও ব্যক্তি বা সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই আদালতের কাছে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

