নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বৃহস্পতিবার ১৮,জুন :: কাঁকসার সিলামপুর এলাকায় তোলা না দেওয়াকে কেন্দ্র করে এক বালি ঘাটের কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হন ওই কর্মী। অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলামপুরের বৈধ বালি ঘাট থেকে বৈধ চালান নিয়ে একটি লরি ফিরছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক গাড়ি আটকে প্রতি গাড়ি পিছু ৫০০ টাকা দাবি করে। টাকা না দিলে গাড়ি ছাড়া হবে না বলেও জানানো হয়।
খবর পেয়ে বালি ঘাটের কর্মী অরূপ ঘোষ ঘটনাস্থলে পৌঁছে তোলা দিতে অস্বীকার করলে, অভিযোগ অনুযায়ী রাজা বাউড়ি নামে এক যুবক পাথর দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে অরূপ ঘোষ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার খবর পেয়ে বালি ঘাটের অন্যান্য কর্মীরা তাঁকে উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
সেখানে তাঁর মাথায় তিনটি সেলাই পড়ে এবং চিকিৎসা শুরু হয়। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রাজা বাউড়িকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে অরূপ ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। জানা গিয়েছে, বৃহস্পতিবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।
বালি ঘাটের কর্মীদের অভিযোগ, সিলামপুর এলাকায় রাত নামলেই নিয়মিত তোলাবাজি চলে। তোলা না দিলে গাড়ি ভাঙচুর, মারধর ও বিভিন্নভাবে হেনস্তার ঘটনা ঘটে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
তবে, এই ঘটনার সমস্ত অভিযোগ অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে।

