নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ১৯,আগস্ট :: দুই চাকার সঙ্গী সাইকেল। ছোটবেলা থেকেই সাইকেল চালানোর শখ, আর সেই শখকেই জীবনের সঙ্গী করে ২০০১ সাল থেকে শুরু হয়েছে নাড়ুগোপাল ঘোষের সাইকেল যাত্রা।
নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বয়রার বাসিন্দা, পেশায় ছোট ব্যবসায়ী নাড়ুগোপালবাবুর বয়স প্রায় ৫০।
পরিবার বলতে তিনি একাই। তবুও সাইকেল ছাড়া যেন কিছুই ভাবতে পারেন না তিনি। এর আগেও সাইকেলে নেপাল, ভুটান, দার্জিলিং, অসম, কাশ্মীর, অযোধ্যা সহ একাধিক জায়গা ঘুরেছেন।
এবার শ্রাবণের শেষ সপ্তাহে ভোলেবাবার মাথায় জল ঢালতে ফুলিয়া বয়রা কৃত্তিবাস ঘাট থেকে জল নিয়ে সাইকেলে তারকেশ্বরের উদ্দেশে রওনা দিলেন তিনি।
নাড়ুগোপাল ঘোষ জানান, শরীর সুস্থ রাখতেই মূলত তাঁর এই সাইকেল যাত্রা। প্রতিদিন শরীর সুস্থ রাখতে নিয়মিত সাইকেল চালানোর বার্তাও দেন তিনি। তাঁর ব্যবহৃত সাইকেলটির বয়স প্রায় ২৮ বছর। নিজের শরীরের পাশাপাশি এখনও যত্ন নেন পুরনো সাইকেলটিরও।
ফুলিয়া বয়রায় ছোট্ট একটি ভাঙা ঘরে তাঁর বসবাস। মাথার উপর ত্রিপল টাঙিয়ে কোনওরকমে দিন কাটছে, এমনকি বৃষ্টির জলও ঘরে পড়ে।
ছোট ব্যবসা করে যা আয় করেন, তার অনেকটাই গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেন তিনি। আগামী দিনে দেশের আরও বিভিন্ন প্রান্ত, এমনকি কয়েকটি বিদেশি দেশেও সাইকেল নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে নাড়ুগোপালবাবুর।

