জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চন্দন নগর :: শুক্রবার ১১,সেপ্টেম্বর :: দেড়শো বছরেরও বেশি পুরনো ফরাসি আমলের ঐতিহাসিক রেজিস্ট্রি ভবন সংস্কারের আনুষ্ঠানিক সূচনা হলো সাবেক ফরাসডাঙ্গায়। শুক্রবার জলপথে রানিঘাটে এসে পৌঁছন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ও ফ্রান্স সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ।
এই পুনর্নির্মাণ ও সংরক্ষণ কাজকে কেন্দ্র করে চন্দননগরের স্ট্র্যান্ড রোড এবং পুরো শহর জুড়ে এখন উৎসবের আবহ তৈরি হয়েছে ।

এই ভবনটিই সংস্কার করবেন যৌথ উদ্যোগে ফরাসি সরকার
সেজে উঠেছে সাবেক ফরাসডাঙ্গা আজকের চন্দন নগর । প্যারিসের রাস্তার আদলে বিশেষ আলোকসজ্জায় সেজে উঠেছে চন্দননগরের বিখ্যাত স্ট্র্যান্ড রোড । স্থানীয় আলোকশিল্পীদের কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে ফরাসি সংস্কৃতির ছোঁয়া ।
তিন দিন ধরে চলবে বিশেষ উৎসব ও ইন্দো-ফরাসি সাংস্কৃতিক মেলবন্ধন । থাকছে নাচ, গান এবং গঙ্গা আরতির মতো বিশেষ আয়োজন । উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ,স্থানীয় বিধায়ক দীপাঞ্জন গুহ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন ।
চন্দননগর মহকুমা শাসকের দপ্তরের ঠিক উল্টো দিকে অবস্থিত এই প্রাচীন রেজিস্ট্রি ভবনটি ফরাসি শাসনকালে আদালত ও রেজিস্ট্রি হিসেবে ব্যবহৃত হতো। জরাজীর্ণ ও ভগ্নদশায় থাকা এই ঐতিহ্যবাহী সৌধটিকে পর্যটনের স্বার্থে পুরনো রূপেই ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে ।
ফরাসি সহযোগিতায় এই সংস্কার কাজ শেষ হলে তা চন্দননগরের পর্যটন মানচিত্রে এক নতুন অধ্যায় যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । এর আগের সরকার এই খাতে জনশ্রুতি প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছিলেন কিন্তু সেই বরাদ্দের আর কোনো হদিস পাওয়া যায়না আর এখানেই আগের তৃণমূল বিধায়কের বক্তব্য পাওয়া যায়নি ।

