নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শুক্রবার ৩,এপ্রিল :: ধৃত ব্যক্তি মোফাক্কেরুলের সঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের যোগসূত্রের অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানাল বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণে নেমেছে তৃণমূল নেতৃত্ব।
বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, মোফাক্কেরুলের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং এই ঘটনা সেই সম্পর্ককেই সামনে এনে দিয়েছে। বিজেপির একাধিক নেতা অভিযোগ করেন, “আইনশৃঙ্খলার অবনতির জন্য শাসকদল দায়ী।
অপরাধীদের রাজনৈতিক ছত্রচ্ছায়া দেওয়া হচ্ছে বলেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে।” তাঁরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান এবং কেন্দ্রীয় সংস্থার হস্তক্ষেপের কথাও তোলেন।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করা হয়েছে।
দলের এক মুখপাত্র জানান, “ধৃত ব্যক্তির সঙ্গে দলের কোনও প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক সম্পর্ক নেই। বিজেপি ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াতে চাইছে।” পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে ‘মিথ্যা প্রচার’ চালানোর অভিযোগও তোলে শাসকদল।
বিজেপি-র আইটি সেলের প্রধান তথা সাংসদ অমিত মালব্য মোথাবাড়ি কান্ডে এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করেছেন। যেখানে ধৃত মোফাক্কেরুলকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
মালব্যর দাবি, ঘটনার মূলচক্রী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে যাতায়াত করেন। এমনকি মমতার সভামঞ্চেও তাঁকে দেখা গিয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের (ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রবাহ) ।
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সরাসরি প্রশ্ন তুলেছেন, ইটাহারের তৃণমূল বিধায়ক তথা দলের সংখ্যালঘু সেলের সভাপতির সঙ্গে মোফাক্কেরুলের কী সম্পর্ক, তা খতিয়ে দেখা প্রয়োজন। উল্লেখ্য, মোফাক্কেরুল ২০২১ সালে ইটাহার থেকে মিম এর টিকিটে বিধানসভা ভোটে লড়েছিলেন।

