নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ১৫,মে :: নতুন সরকার গঠনের পরেই রাজ্যজুড়ে ট্রাফিক নিয়ম কার্যকর করতে কড়া পদক্ষেপ শুরু করেছে পুলিশ প্রশাসন। সেই নির্দেশ মেনে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকাতেও শুরু হয়েছে জোরদার ট্রাফিক অভিযান।
দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার আম্বেদকর স্মরণী এলাকায় বিশেষ অভিযান চালায় ট্রাফিক বিভাগ। মূলত অটো ও টোটোতে অতিরিক্ত যাত্রী তোলা রুখতেই এই অভিযান বলে জানা গিয়েছে। নিয়ম ভাঙতে দেখা গেলেই গাড়ি আটক করে চালকদের সতর্ক করা হচ্ছে।
শুধু তাই নয়, বাইক আরোহীদের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে কড়া ব্যবস্থা। হেলমেট ছাড়া রাস্তায় বেরোলেই থামিয়ে সতর্ক করছেন ট্রাফিক কর্মীরা। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্য সচেতনতার বার্তাও দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।
পুলিশ সূত্রে খবর, আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে কমিশনারেটের বিভিন্ন এলাকায়। উদ্দেশ্য, পথ দুর্ঘটনা কমানো এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত করা।

