নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: সোমবার ২,মার্চ :: নদিয়ার দিগনগরে এসে পশ্চিমবঙ্গে পরিবর্তনের হুঙ্কার ছাড়লেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা।
একই সাথে পরিবর্তনের সংকল্প নিয়ে দিগনগর স্কুল মাঠ থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র আনুষ্ঠানিক সূচনা করলেন দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এই কর্মসূচীকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল তুঙ্গে উদ্দীপনা। নবদ্বীপ জোনের এই যাত্রা আগামী দিনে রাজ্যের কোণায় কোণায় পরিবর্তনের বার্তা পৌঁছে দেবে বলে আশাপ্রকাশ করেন কেন্দ্রীয় নেতৃত্ব।
এদিন মঞ্চে উঠে জেপি নাড্ডা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তাঁর বক্তৃতার সিংহভাগ জুড়ে ছিল রাজ্যের শিল্প, বাণিজ্য এবং বর্তমান প্রশাসনিক ব্যবস্থার বেহাল দশা। নাড্ডা অভিযোগ করেন, “বাংলার এক সময়ের গৌরবোজ্জ্বল শিল্প ও সংস্কৃতি আজ বিপন্ন।
তৃণমূল সরকারের ভুল নীতি এবং দুর্নীতির কারণে রাজ্যের যুবসমাজ কর্মসংস্থানহীন হয়ে পড়ছে।” তিনি আরও বলেন যে, কেন্দ্রীয় সরকার বাংলার উন্নয়নের জন্য একাধিক প্রকল্প পাঠালেও রাজ্য সরকারের অসহযোগিতার কারণে সাধারণ মানুষ তার সুফল পাচ্ছেন না।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে এখন আর গণতন্ত্র নেই, আছে কেবল তুষ্টিকরণ ও সিন্ডিকেট রাজ। সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।”

