নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: মঙ্গলবার ১৯,মে :: হিরোইন তৈরির প্রধান উপকরণ সহ পুলিশের হাতে গ্রেফতার হল দুই জন। ঘটনাটি নদিয়ার পলাশিপাড়া থানা এলাকায়। নদিয়ার পলাশীপাড়া থানা এলাকায় মনিপুর থেকে চলছিল হেরোইন তৈরির উপকরণ আনার কাজ।
এবার পুলিশের হাতে পাকড়াও হলো দুজন। এদের মধ্যে একজন মনিপুরের থৈবাল মিনাবাজারের হাফিজ আব্দুল হামিদ,অন্যজন পলাশিপাড়ার বাউড়ের ইয়ারুল শেখ। দুজনকেই গ্রেফতার করা হয়েছে। ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে তাদের কৃষ্ণনগর এন ডি পি এস আদালতে পাঠায় পলাশিপাড়া থানার পুলিশ।
তাদের কাছ থেকে ১ কেজির বেশি পরিমাণ হেরোইন তৈরির প্রধান উপকরণ ‘ক্রুড’ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই উপকরণের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। প্রসঙ্গত, পলাশিপাড়ার এক একটি গ্রাম হেরোইনের ব্যবসায় মাতোয়ারা।
সেই হেরোইন তৈরির মূল উপাদান ক্রুড, পোস্তের আঠা আমদানি করে বাড়িতেই চলে হেরোইন প্রস্তুত। এরপর পাচার করা হয়। যুবক থেকে বয়স্ক, বেশিরভাগই এই ব্যবসার সাথে জড়িত বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হেরোইন তৈরির উপকরণের মধ্যে ‘ক্রুড’ আসত মনিপুর কিংবা নাগাল্যান্ড থেকে। সেই মনিপুরের এক যুবকের সঙ্গে যোগাযোগ করে পলাশিপাড়ার কোন এক মাদক কারবারি। সেই মতো এই মনিপুর থেকে ক্রুড নিয়ে এই রাজ্যে আসে হাফিজ আব্দুল হামিদ।
জানা গিয়েছে,তাকে আনতেই বাইকে করে মুর্শিদাবাদ গিয়েছিল ইয়ারুল। এই খবর পুলিশের কাছে পৌঁছতেই পলাশিপাড়া থানার পুলিশ আধিকারিক পরিকল্পনা নেন। রবিবার দুপুরে মুর্শিদাবাদ পেরিয়ে পলাশিপাড়া ঢুকতেই ঝুলতলা বটতলা এলাকায় আটক করা হয় বাইকে থাকা দুজনকেই।
ব্যাগ থেকে পাওয়া যায় হেরোইন তৈরির উপকরণ। দুজনকে গ্রেফতারের পাশাপাশি বাইক ও উপকরণ বাজেয়াপ্ত করে পুলিশ।

