নদিয়ার ভোট ম্যাসকট ‘গাঙ্গেয় ডলফিন’: সংরক্ষণের বার্তা নিয়ে বুথমুখী হওয়ার আহ্বান জেলাশাসকের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: শনিবার ২৮,মার্চ :: আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের অংশীদারিত্ব নিশ্চিত করতে অভিনব ম্যাসকট নিয়ে প্রচারে নামল নদিয়া জেলা প্রশাসন। নদিয়ায় আসন্ন নির্বাচনের ম্যাসকট হিসেবে উন্মোচিত হলো ‘গাঙ্গেয় ডলফিন’ বা স্থানীয় ভাষায় পরিচিত ‘শুশুক’।

একসময় নদিয়ার বুক চিরে বয়ে যাওয়া ভাগীরথী নদীতে প্রচুর সংখ্যায় দেখা যেত এই স্তন্যপায়ী প্রাণীটি। বিলুপ্তপ্রায় এই প্রাণীকে সংরক্ষণের বার্তা দেওয়ার পাশাপাশি ভোটারদের নির্ভয়ে বুথমুখী করতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ ।

জেলা প্রশাসনিক ভবনের সামনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ম্যাসকটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। ম্যাসকট উদ্বোধনের সময় স্কুল পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

গাঙ্গেয় ডলফিনের কাট-আউট এবং ম্যাসকটের মাধ্যমে পরিবেশ সচেতনতা ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দ্বিমুখী বার্তা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাঙ্গেয় ডলফিনের ভূমিকা অপরিসীম। ঠিক তেমনই গণতন্ত্রের ভারসাম্য রক্ষায় প্রতিটি ভোটারের ভোটদান আবশ্যিক।

সেই উদ্দেশ্যেই ‘আমার ভোট, আমার অধিকার’ স্লোগানকে সামনে রেখে এই নীল রঙের চনমনে ম্যাসকটটি জেলার ব্লকে ব্লকে প্রচার চালাবে। ট্যাবলো, কাট-আউট এবং ডিজিটাল মাধ্যমেও এই ডলফিনকে দেখা যাবে, যা ভোটারদের বুথ পর্যন্ত পৌঁছে দিতে উৎসাহিত করবে।

নদিয়ার জেলা শাসক শ্রীকান্ত পল্লী বলেন,’ জেলার ভৌগোলিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে ভাগীরথী এবং তার জলজ প্রাণীরা ওতপ্রোতভাবে জড়িত। তাই ভোটারদের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করতে এই ডলফিনকেই সেরা মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এদিনের কর্মসূচিতে ম্যাসকট উদ্বোধনের পাশাপাশি সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে বিভিন্ন নিয়মাবলি ও প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। জেলা জুড়ে এখন একটাই সুর— পরিবেশ বাঁচিয়ে উৎসবের মেজাজে ভোটদান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =