নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক ঘিরে জোর জল্পনা

কুমার পঙ্কজ :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শুক্রবার ২২,মে :: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র বৈঠক ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

রাজনৈতিক ও প্রশাসনিক সূত্রে ইঙ্গিত, পশ্চিমবঙ্গের জন্য একটি বিশেষ আর্থিক প্যাকেজ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

বিশেষ করে নতুন সরকারের সামনে রাজ্যের আর্থিক সংকট, শিল্প বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সূত্রের খবর, বৈঠকে রাজ্যের দীর্ঘদিনের বকেয়া কেন্দ্রীয় অনুদান, শিল্প পুনরুজ্জীবন, সীমান্ত নিরাপত্তা এবং উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের জন্য বিশেষ উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে।

একইসঙ্গে “ডবল ইঞ্জিন সরকার”-এর উন্নয়ন মডেলকে সামনে রেখে কেন্দ্র কীভাবে দ্রুত আর্থিক সহায়তা দিতে পারে, তা নিয়েও রূপরেখা তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলের অনুমান।

দিল্লি সফরে ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী।

একাধিক বৈঠকে প্রশাসনিক সমন্বয়, সীমান্তবর্তী জেলা উন্নয়ন এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্রের দাবি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের জন্য সম্ভাব্য বিশেষ প্যাকেজে থাকতে পারে—

১) জাতীয় সড়ক ও রেল পরিকাঠামো উন্নয়নের অতিরিক্ত বরাদ্দ
২) শিল্প করিডর ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির পরিকল্পনা
৩) গঙ্গা তীরবর্তী শহরগুলির পুনর্গঠন প্রকল্প
৪) উত্তরবঙ্গের পর্যটন ও চা শিল্পের জন্য পৃথক সহায়তা
৫) সীমান্তবর্তী জেলার নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্প

এছাড়া রাজ্যের দুর্বল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের তরফে স্বল্পসুদে ঋণ বা বিশেষ পুনর্গঠন তহবিলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী আগেই নতুন পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দন জানিয়ে রাজ্যের “উন্নয়ন যাত্রাকে আরও শক্তিশালী” করার কথা বলেছিলেন।

সেই বার্তার পর এবার মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে এখনও পর্যন্ত কেন্দ্র বা রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে কোনও বিশেষ প্যাকেজ ঘোষণা করেনি।

ফলে মোদী-শুভেন্দু বৈঠকের পরই পরিষ্কার হতে পারে, পশ্চিমবঙ্গ আদৌ বড় কোনও আর্থিক প্যাকেজ পাচ্ছে কি না এবং পেলে তার পরিমাণ ও প্রকৃতি কী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 5 =