নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়না :: শুক্রবার ৪,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমানের রায়না-১ নম্বর ব্লকের নাড়ুগ্রাম গ্রাম পঞ্চায়েতে হঠাৎ পরিদর্শনে গেলেন পূর্ব বর্ধমান জেলার রায়নার বিধায়ক সুভাষ পাত্র। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাড়ুগ্রাম অঞ্চলের বিজেপি কর্মী-সমর্থক এবং সংশ্লিষ্ট মণ্ডল সভাপতি।
পঞ্চায়েত অফিসে গিয়ে বিধায়ক বিভিন্ন দপ্তরের কাজকর্ম ও সাধারণ মানুষের জন্য দেওয়া পরিষেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনের পর তিনি বলেন, “মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর।
যদিও এখনও এই পঞ্চায়েত আমাদের দখলে আসেনি, তবুও পঞ্চায়েতের স্টাফরা কীভাবে পরিষেবা দিচ্ছেন, তা দেখতে এসেছি। স্বচ্ছ ও নিরপেক্ষভাবে মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
বিধায়ক আরও জানান, সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং সরকারি পরিষেবার মান উন্নত করার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। তাঁর এই আকস্মিক পরিদর্শনকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

