নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ভয়াবহ দূর্ঘটনাগ্ৰস্থ ট্রেনটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া স্টেশনের ৫নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে ! কবে চালু হবে ট্রেনটি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: শনিবার ১৮,জুলাই :: মুর্শিদাবাদের গোবিন্দপুর রেলওয়ে লেভেল ক্রসিংয়ে শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া ৫৩০৫৪ নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি বর্তমানে কাটোয়া রেলস্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় ।

দুর্ঘটনার পর ট্রেনটিকে এদিন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় নিয়ে আসা হলেও এর ইঞ্জিন খুলে নেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটি কবে আবার পরিষেবা শুরু করবে, সে বিষয়ে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও নির্দিষ্ট সময় জানানো হয়নি।

শুক্রবার আজিমগঞ্জ-কাটোয়া শাখার কর্ণসুবর্ণ স্টেশন ও গোবিন্দপুরের মধ্যবর্তী গোবিন্দপুর রেলওয়ে লেভেল ক্রসিং (গেট নং ২৪এ/২)-এ একটি স্কুল ভ্যান ও একটি সাইকেলকে ধাক্কা দেয় নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র-সহ মোট তিনজনের মৃত্যু হয়। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনার জেরে আজিমগঞ্জ-কাটোয়া শাখায় রেল চলাচলেও ব্যাপক প্রভাব পড়ে। সকাল থেকে কাটোয়া-আজিমগঞ্জ লাইনের আরও একটি ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। পরে দুপুরের দিকে সেই ট্রেনটি অবশেষে যাত্রা শুরু করে।

এদিকে কাটোয়া স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে দেখতে বহু যাত্রী ও কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। রেল কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে। ট্রেনটির পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে যাত্রীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + nine =