নির্বাচনের আগে বন্ধ থাকা বিজেপি অফিস পুনরায় চালু জামুড়িয়ায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: বৃহস্পতিবার ১২,মার্চ :: আসন্ন বিধানসভা নির্বাচনের আগাম বার্তা মিলতেই জামুড়িয়ার রাজনৈতিক মহলে উত্তাপ বাড়তে শুরু করেছে। সংগঠনকে আরও মজবুত করতে বুধবার তপসি এলাকার কুনুস্তোড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিজেপির একটি পার্টি অফিস পুনরায় চালু করা হয়।

রাজনৈতিক মহলের মতে, তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে প্রভাব বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে বিজেপি। বিজেপির ওবিসি মোর্চার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অফিস উদ্বোধনের পাশাপাশি একটি র‍্যালি ও কর্মীসভাও অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা এই অফিস পুনরায় চালু হওয়াকে জেলায় বিজেপির সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। কর্মীসভায় উপস্থিত বিজেপি নেতারা দলীয় কর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান।

তারা বলেন, কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা মানুষের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি রাজ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

নেতাদের দাবি, এবারের নির্বাচনে মানুষ পরিবর্তনের পক্ষে এবং বিজেপিই একমাত্র বিকল্প।এদিন বিজেপি নেতা সন্তোষ সিং বলেন, জামুড়িয়ায় ওবিসি মোর্চার এই অফিস চালু হওয়া দলের ক্রমবর্ধমান শক্তিরই প্রমাণ।

আগামী নির্বাচনে বিজেপির সামনে অন্য কোনো দল বড় চ্যালেঞ্জ নয়। স্থানীয় মানুষ উন্নয়ন চায় এবং সেই উন্নয়নের জন্য তারা বিজেপির সঙ্গেই রয়েছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার জেলা সভাপতি দিলীপ প্রসাদ, ওবিসি জাতীয় সদস্য শংকর চৌধুরী, রাজ্য বিজেপি সদস্য সভাপতি সিং, প্রবীণ নেতা প্রমোদ পাঠক, দীপক দাস, সুশীল জোশি, মণ্ডল সভাপতি পিনাকি রায়, গৌতম কুমার রায়, শিবরাম মণ্ডল, রাজু মণ্ডল সহ বহু দলীয় কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − six =