নেওরা নদী বন্ধ, কাজ হারিয়ে ভিনরাজ্যে পাড়ি শ্রমিকদের; দ্রুত নদী খোলার দাবিতে ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ৩১,মে :: ক্রান্তি ও মাল ব্লকের নেওরা নদীতে গত প্রায় তিন মাস ধরে বালি-পাথর উত্তোলনের কাজ বন্ধ রয়েছে। ফলে নদী কেন্দ্রিক জীবিকার উপর নির্ভরশীল অসংখ্য শ্রমিক ও পরিবহন কর্মী চরম আর্থিক সংকটে পড়েছেন।

বিকল্প কর্মসংস্থানের অভাবে অনেকেই কাজের সন্ধানে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি দিচ্ছেন।

স্থানীয় শ্রমিকদের দাবি, তাঁদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল নদী সংক্রান্ত কাজ। কাজ বন্ধ থাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন ঋণ সংস্থা, বন্ধন ও এসকেএস-এর কিস্তি পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

শ্রমিকদের বক্তব্য, সরকারি নিয়ম মেনে রয়্যালটি প্রদান করে এবং রাজ্য সরকারের রাজস্ব নিশ্চিত করেই দ্রুত নদী থেকে কাজ শুরু করার ব্যবস্থা করা হোক। এতে যেমন সরকারের রাজস্ব বাড়বে, তেমনি হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানও ফিরবে।

এদিকে আগামী ১৫ জুন থেকে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী নদী সংক্রান্ত কার্যক্রম আরও দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই তার আগেই প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপে সমস্যার সমাধান এবং শ্রমিকদের কাজের ব্যবস্থা করার দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + seven =