নেপালের দুর্যোগে নিখোঁজ শিলিগুড়ির সমর – পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ৩০,আগস্ট :: কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়ে নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিখোঁজ শিলিগুড়ির বাসিন্দা সমর মণ্ডল।

নিখোঁজ সমরের পরিবারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে পাশে থাকার আশ্বাস দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুক্রবার রাতে শিলিগুড়ির শান্তিনগর বউবাজারে সমর মণ্ডলের বাড়িতে পৌঁছন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা,এসিপি রবিন থাপা,ভক্তিনগর থানার আইসি মহেশ্বর মাঝি সহ আশিঘর ফাঁড়ির ওসি হিরুকান্তি সরকার।

তাঁরা সমরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রশাসনের পক্ষ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে,নেপালে ভয়াবহ হড়পা বানের জেরে পশ্চিমবঙ্গের প্রায় ৩০জন পর্যটকের নিখোঁজ হওয়ার খবর সামনে এসেছে। তাঁদের পরিবারের সঙ্গে এদিন ভার্চুয়ালি যোগাযোগ করেন মুখ্যমন্ত্রী।

সেই তালিকায় রয়েছেন শিলিগুড়ির সমর মণ্ডলও। ভিডিও কনফারেন্সে সমরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী।নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এই কঠিন সময়ে রাজ্য সরকার পরিবারের পাশে রয়েছে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফেও সমরের পরিবারের পাশে থাকার ও প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে। সমরের দ্রুত সন্ধান পাওয়ার আশায় এখন উদ্বিগ্ন পরিবার ও পরিজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 14 =