পাঁচ মাস বেতন বকেয়া – জ্বরে মৃত্যু নির্মল সাথীর – চুঁচুড়ায় শুরু রাজনৈতিক বিতর্ক

জাকির আলী :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: রবিবার ২০,সেপ্টেম্বর :: চুঁচুড়া পুরসভার নির্মল সাথী হীরা সাধুখাঁর (৪৩) মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। শনিবার সকাল ৬টা ১০ মিনিটে তোলাফটকের বাড়িতে তাঁর মৃত্যু হয়। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন হীরা।

সহকর্মীদের দাবি, দীর্ঘদিন বেতন না পাওয়ায় আর্থিক সমস্যায় ছিলেন তিনি। তাঁদের অভিযোগ, নির্মল সাথীদের প্রায় পাঁচ মাসের বেতন বকেয়া। চুঁচুড়ায় রয়েছেন ৭৪ জন নির্মল সাথী।

হীরার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে জড়ো হন সহকর্মী ও অস্থায়ী পুরকর্মীদের প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, বেতন না পাওয়ায় চিকিৎসাও করাতে পারেননি হীরা। এই ঘটনায় দায় কার, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

অন্যদিকে, ২৩ নম্বর ওয়ার্ডের বিধায়কের নিযুক্ত কো-অর্ডিনেটর বিজেপির অর্ণব রায়চৌধুরী বলেন, মৃত্যু অত্যন্ত দুঃখজনক, তবে ঘটনাটিকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। তাঁর দাবি, পুরকর্মীদের বেতন নিয়ে জটিলতা রয়েছে এবং সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =