নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ১৩,সেপ্টেম্বর :: পুজোর ঠিক মুখে কষ্টার্জিত জমানো টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠল দুর্গাপুরের ৪০ নম্বর ওয়ার্ডের বীরভানপুরের বাসিন্দা চম্পা বাউরীর বিরুদ্ধে।
অভিযোগ, বেশি সুদের প্রলোভন দেখিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে এলাকার শতাধিক মহিলার কাছ থেকে মাসিক ফান্ডের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন তিনি। বর্তমানে সেই টাকা নিয়ে চম্পা বাউরী উধাও বলে অভিযোগ প্রতারিত মহিলাদের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার প্রায় ১০০ জনেরও বেশি মহিলা নিয়মিতভাবে ওই ফান্ডে টাকা জমা দিতেন।
বেশি সুদে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু সম্প্রতি টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এরপরই চম্পা বাউরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন মহিলারা।
অভিযোগ, একসময় তাঁর কোনও হদিশই পাওয়া যায়নি। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন প্রতারিত মহিলারা। চম্পার স্বামী ও তাঁর মায়ের বাড়িতেও গিয়ে খোঁজ করেন তাঁরা। তবে সেখানেও চম্পার সন্ধান মেলেনি বলে অভিযোগ।
অবশেষে শনিবার রাতে ১০০-রও বেশি মহিলা একজোট হয়ে দুর্গাপুরের কোকওভেন থানায় পৌঁছন। সেখানে চম্পা বাউরীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। তাঁদের দাবি, বছরের পর বছর ধরে কষ্ট করে জমানো টাকা এই ফান্ডে জমা করেছিলেন।
পুজোর আগে সেই টাকা ফেরত না পেয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে প্রতারিত মহিলারা তাঁদের জমানো টাকা দ্রুত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

