প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী – কলকাতার পরিষদীয় বৈঠকে ঘোষণা অমিত শাহের – জল্পনা নতুন মন্ত্রিসভা নিয়ে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ৮,মে :: রাজ্যের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে কলকাতার পরিষদীয় বৈঠকে বিজেপির পক্ষ থেকে বড় ঘোষণা করলেন অমিত শাহ । দলীয় সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হচ্ছেন শুভেন্দু অধিকারী ।

কলকাতার এক গুরুত্বপূর্ণ পরিষদীয় বৈঠকে উপস্থিত বিধায়কদের সামনে এই ঘোষণা করা হয়েছে বলে খবর রাজনৈতিক মহলে দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও দলের তরফে আনুষ্ঠানিক প্রেস বিবৃতি তখনও প্রকাশিত হয়নি, তবুও রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা।

বৈঠকে উপস্থিত একাধিক বিজেপি নেতা দাবি করেছেন, রাজ্যে “পরিবর্তনের সরকার” গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্ব দ্রুত মন্ত্রিসভা চূড়ান্ত করার কাজ শুরু করেছে।

মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পর থেকেই কে কোন দপ্তরের দায়িত্ব পেতে পারেন, তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

দলীয় অন্দরে সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় উঠে আসছে একাধিক পরিচিত মুখের নাম। প্রশাসনিক অভিজ্ঞতার কারণে স্বরাষ্ট্র বা নগরোন্নয়ন দপ্তরে দেখা যেতে পারে দিলীপ ঘোষ কে। অন্যদিকে সংগঠনের কাজে সক্রিয় থাকার পুরস্কার হিসেবে গুরুত্বপূর্ণ দপ্তর পেতে পারেন অগ্নিমিত্রা পল এর মতো নেত্রীরাও।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে প্রশাসনিক ও সাংগঠনিক ভারসাম্য বজায় রাখতে পুরনো ও নতুন নেতৃত্বের মিশ্রণে মন্ত্রিসভা গঠন করতে পারে। বিশেষ করে জঙ্গলমহল, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আঞ্চলিক প্রতিনিধিত্বকে গুরুত্ব দেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে।

এদিকে ঘোষণার পর থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয়েছে। বহু জায়গায় মিষ্টি বিতরণ, আবির খেলা এবং বিজয় মিছিলের ছবি সামনে এসেছে।

অপরদিকে বিরোধী দলগুলির পক্ষ থেকে দাবি করা হয়েছে, “চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি, বিজেপি শুধুই রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছে।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লি ও কলকাতার ধারাবাহিক বৈঠকের পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার নাম ঘোষণা হতে পারে। এখন নজর রাজভবন এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seven =