নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বড়ঞা :: বৃহস্পতিবার ২০,আগস্ট :: মুর্শিদাবাদ জেলার বড়ঞা পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সভাপতি নাজমা খাতুন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন। এদিন পঞ্চায়েত সমিতি চত্বরে তাঁকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়।
ফুলের তোড়া ও শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সভাপতিকে স্বাগত জানান পঞ্চায়েত সমিতির সদস্য, জনপ্রতিনিধি, কর্মী-সমর্থক এবং এলাকার বাসিন্দারা।
দায়িত্বভার গ্রহণের পর নাজমা খাতুন বলেন, “বড়ঞা এলাকার মানুষের সামগ্রিক উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে চাই।”
উল্লেখ্য, সম্প্রতি বড়ঞা পঞ্চায়েত সমিতিতে রাজনৈতিক সমীকরণের পরিবর্তনের পর নতুন বোর্ড গঠিত হয়েছে। সেই নতুন বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসের নাজমা খাতুন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের মধ্য দিয়ে তাঁর নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা হলো।
এদিন উপস্থিত সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকেই আশা প্রকাশ করেন, নতুন সভাপতির নেতৃত্বে বড়ঞা পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের ভূমিকা আরও সক্রিয় হয়ে উঠবে।

