নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: বৃহস্পতিবার ২,জুলাই :: একসময় জামুড়িয়ার রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এবং বিতর্কিত মুখ হিসেবে পরিচিত প্রেমপাল সিংহের বহুলা এলাকার কার্যালয়ে হঠাৎ পুলিশের তল্লাশি অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বহুলা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনার সৃষ্টি হয়েছে।
প্রেমপাল সিংহ হলেন জামুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হরে রাম সিংহের একমাত্র পুত্র। অতীতে তাঁর বিভিন্ন কর্মকাণ্ড ও আচরণ নিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি তৎকালীন পরিস্থিতিতে বিষয়টি দলীয় মহলেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
একসময় তাঁর প্রভাব এতটাই বৃদ্ধি পেয়েছিল যে, তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে হরে রাম সিংহকে সতর্কবার্তা দিয়েছিলেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত জামুড়িয়া এলাকায় প্রেমপাল সিংহের দাপট নিয়ে নানা অভিযোগ ও বিতর্ক সামনে এসেছে। তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে হরে রাম সিংহ কিংবা প্রেমপাল সিংহ— কাউকেই দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয়ভাবে দেখা যায়নি বলে স্থানীয় সূত্রের দাবি।
এদিকে, বহুলা এলাকায় প্রেমপাল সিংহের কার্যালয়ে আচমকা পুলিশের তল্লাশি অভিযান ঘিরে নতুন করে তাঁকে নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তবে কোন অভিযোগের ভিত্তিতে বা কী কারণে এই তল্লাশি চালানো হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

