বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের ১৫ হাজার কোটির মেগা শিল্প প্রকল্প – রাঢ় বাংলায় শিল্পায়নের নতুন দিগন্ত, কর্মসংস্থানের বড় আশা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেজিয়া :: শুক্রবার ১৭,জুলাই :: পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বাঁকুড়া জেলার মেজিয়া শিল্পাঞ্চলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগে একটি মেগা ইস্পাত শিল্প প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছে শ্যাম স্টিল।

প্রস্তাবিত এই প্রকল্পকে রাজ্যের অন্যতম বৃহত্তম বেসরকারি শিল্প বিনিয়োগ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্প বাস্তবায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবারের এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি

সংস্থার পরিকল্পনা অনুযায়ী, আধুনিক প্রযুক্তি নির্ভর ইস্পাত উৎপাদন কেন্দ্র, রোলিং মিল, বিদ্যুৎ উৎপাদন ইউনিট, কাঁচামাল সংরক্ষণ ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং অত্যাধুনিক পরিবেশ বান্ধব পরিকাঠামো গড়ে তোলা হবে। উৎপাদিত ইস্পাত দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশেও রপ্তানির লক্ষ্য রয়েছে।

শিল্পমহলের মতে, মেজিয়ার ভৌগোলিক অবস্থান, কয়লা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নিকটবর্তী হওয়া এবং সড়ক ও রেল যোগাযোগের সুবিধা এই প্রকল্পের জন্য বিশেষভাবে অনুকূল। এর ফলে শিল্পাঞ্চল হিসেবে মেজিয়ার গুরুত্ব আরও বৃদ্ধি পাবে।

প্রকল্পটি সম্পূর্ণ রূপে চালু হলে প্রত্যক্ষভাবে কয়েক হাজার এবং পরোক্ষভাবে আরও বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পরিবহণ, নির্মাণ, হোটেল, ব্যবসা এবং পরিষেবা ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞদের মত।

প্রশাসনিক সূত্রের খবর, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি, পরিবেশগত ছাড়পত্র এবং অন্যান্য অনুমোদনের প্রক্রিয়া ধাপে ধাপে এগোচ্ছে। শিল্পবান্ধব পরিবেশ বজায় রেখে দ্রুত কাজ শুরু করার বিষয়ে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট সংস্থার মধ্যে আলোচনা চলছে।

অর্থনীতিবিদদের মতে, এই বিনিয়োগ সফলভাবে বাস্তবায়িত হলে শুধু বাঁকুড়া নয়, সমগ্র পশ্চিমাঞ্চলীয় জেলার শিল্প ও অর্থনীতিতে নতুন গতি আসবে। একই সঙ্গে রাজ্যে নতুন শিল্প বিনিয়োগ আকর্ষণেও এটি ইতিবাচক বার্তা বহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 3 =